বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৪ ডিসেম্বর, ২০২৪

যথাযথ মর্যাদায় বরিশালে পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বরিশাল নগরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মহানগর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

নগরের ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ব‌রিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ জেলা, বিভাগীয় প্রশাসন, পু‌লিশ প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা। অপরদিকে সার্কিট হাউসে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় প্রশাসন।

এদিন সকাল ১০টা ১ মি‌নি‌টে বরিশাল নগরের বধ্যভূমির স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান, আব্দুর রহমান, আফজাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আশিকুর রহমান, জাকারিয়াসহ কর্মকর্তা ও কর্মচারীরা।