রাজশাহীতে গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব

১৫ ডিসেম্বর, ২০২৪

রাজশাহী নগরীর কোর্ট এলাকায় ক্যাথেড্রাল চার্চে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা (নবান্ন উৎসব) উৎসব আয়োজন করা হয়েছে। গারো নারীরা সেজেছেন চুলের খোঁপায় মোরগের পালক দিয়ে। পরেছেন বর্ণিল নাচের পোশাক। নৃত্যের মাধ্যমে গারোদের ১১ সম্প্রদায়ের নারীরা প্রতীকীভাবে সৃষ্টিকর্তার কাছে শস্য উৎসর্গ করেন। প্রতিটি সম্প্রদায়ের পক্ষ থেকে একটি করে মোমবাতি প্রজ্বালন করা হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে গারো পরিবারের সদস্যরা অংশ নেন এ উৎসবে। রাজশাহী ওয়ানগালা উদযাপন পরিষদের আয়োজনে রাজশাহী ওয়ানগালা-২০২৪ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নকমা প্রধান লোটাস লুক চিসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্ম প্রদেশের ভিকার জেনারেল রেভা ফাদার ফাবিয়ান মারডি।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বেতার রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক জান্নাতুল ফেরদৌস, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আবু সালে মো. ফাত্তাহ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবুল কালাম মোহাম্মদ আজাদ, নানকিং গ্রুপের চেয়ারম্যান মো. এহসানুল হুদা, পরিচালক নাসরিন হুদা, রাজশাহী ক্রিস্টিয়ান মিশন হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সুলতা দ্রং ও ফাদার লিটন কস্তা। 

অনুষ্ঠানের শুরুতে  গারোদের ১১ সম্প্রদায়ের পক্ষ থেকে ফসল তুলে দেওয়া হয় প্রধান অতিথির হাতে। এরপর আনুষ্ঠানিকভাবে গারোদের ফসল তোলার এই উৎসবে সূর্যদেবতা ও দেবী মিসি এবং সালজং-এর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।

উৎসবের এই দিনে ধনী-গরিব, ছোট-বড় সবাই রঙ-বেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে নাচে। ওয়ানগালা অনুষ্ঠানের এই দিন হল গারোদের বিনোদনের দিন। অনুষ্ঠান শুরুতে ঢোলের (মাদল) শব্দে মুখরিত হয়ে ওঠে এই মিলন মেলা।

পুরুষ ও নারীরা দুইটি আলাদা সারি গঠন করে, ধর্মীয় রীতি অনুযায়ী নাচের তালে তালে অতিথিদের নিয়ে এগিয়ে যান ওয়ানগালা অনুষ্ঠান মঞ্চে। প্রথম পর্বে গারোদের বিভিন্ন নাচ গান ও সুরের মূর্ছনায় উৎসবের আনন্দে পূর্ণতা লাভ করে ওয়ানগালার আয়োজন।