খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

১৯ ডিসেম্বর, ২০২৪

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. সোহেল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নগরীর হাজী মুহাসীন রোডে এ ঘটনা ঘটে। নিহত যুবক সাতক্ষীরার জেলার আমুলিয়া রাজাপুরের বাসিন্দা খালেক কারিগরের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে খুলনার মহানগরের বাবুখান রোডের দ্বিতীয় গলির বাসিন্দা রংমিস্ত্রী মো. সোহেলকে দুর্বৃত্তরা গুলি করে। তার পিঠের ডানপাশে গুলি লেগে পেটের বাম দিক দিয়ে বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সোহেলকে স্থানীয় লোকজন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, রাতে নগরের হাজী মহসীন রোডে গুলিবিদ্ধ হয়ে মো. সোহেল নামে এক যুবক খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তদন্ত চলছে।