ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

২০ ডিসেম্বর, ২০২৪

ঝিনাইদহ শহরের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ পাড়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাতে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল এবং একটি সুটারগান।

যৌথবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৫ আগস্ট হিরন চেয়ারম্যানের মৃত্যুর পর তার বাসায় লুটপাটের ঘটনা ঘটে। লুটের সময় তার নিজ দলের সদস্য এবং দুষ্কৃতিকারীরা বিভিন্ন অস্ত্র নিয়ে যায়। এসব অস্ত্র দিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালানো হচ্ছিল বলে জানা গেছে।

গোয়েন্দা তথ্যে আরও জানা যায়, নিরাপত্তার জন্য দুর্বৃত্তরা অস্ত্র হাতবদল করে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে।

অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে যৌথবাহিনী জানিয়েছে।