২৪ ডিসেম্বর, ২০২৪
মাদারীপুরের শিবচর উপজেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছ।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের এ আয়োজনে প্রায় আট হাজার বই ২০ থেকে ৩০ ভাগ ছাড়ে বিক্রি ও প্রদর্শন করা হয়। মেলায় ইউনিট ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন দেবজ্যোতি মণ্ডল। মেলা আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত রয়েছে।
স্থানীয় নুরুল আমীন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক এখলাছ উদ্দিন চুন্নুর সমন্বয়ে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সাহিত্য সংস্কৃতি সংগঠনের নেতা, শিক্ষার্থী এবং কবি-সাহিত্যিকরা।