কবি নজরুল কলেজে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ

২৬ ডিসেম্বর, ২০২৪

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে ছাত্রদলের সদ্যঘোষিত আহ্বায়ক কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কলেজের আবাসিক শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় কলেজের মূল ফটকের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন কলেজ ছাত্রদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা। এরপর বিকেলে ছাত্রদলের কয়েকশ কর্মী কলেজের সামনে অবস্থান নেন। এসময় কলেজের মসজিদের পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পদবঞ্চিতদের অভিযোগ, নবগঠিত আহ্বায়ক কমিটিতে যোগ্য নেতাদের বাদ দিয়ে কেন্দ্রীয় নেতারা পক্ষপাতিত্ব করেছেন। তাদের দাবি, প্রকৃত ত্যাগী ও যোগ্য কর্মীদের বাদ দিয়ে সুবিধাভোগীদের জায়গা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার মোহম্মদ রহিম বলেন, দুপুরের দিকে ছাত্রদলের কর্মীরা কলেজের সামনে বিক্ষোভ করে। এসময় তারা কলেজের গেটের সামনে টায়ার জ্বালিয়ে নানা স্লোগান দেয়। একপর্যায়ে বিকেলের দিকে ছাত্রদলের কয়েকশ নেতা-কর্মী জড়ো হন বাহাদুর শাহ পার্কের সামনে। এসময় ককটেল বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

কলেজটির শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, আমরা কিছু জানি না। কে বা কারা ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেছে এবং ককটেল বিস্ফোরণ করেছে বলতে পারবো না। আমরা আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের নিয়ে বিএনপি পার্টি অফিসে এসেছি।

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আমি এ বিষয়ে এখনো কিছুই জানি না। খোঁজখবর নিয়ে দেখছি।

উল্লেখ, গত সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কবি নজরুল সরকারি কলেজ শাখার ২৬ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে মাস্টার্সের শিক্ষার্থী ইরফান আহমেদ ফাহিম এবং সদস্য সচিব করা হয়েছে মাস্টার্সের শিক্ষার্থী নাজমুল হাসানকে।