☰
✕

ফেনীতে কিশোরীকে ধর্ষণের পর গর্ভপাত, আ’লীগের দুই নেতা গ্রেফতার

০৫ নভেম্বর, ২০২০

ফেনীর দাগনভূঞায় দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এক কিশোরীকে (১৫) ধর্ষণ এবং গর্ভপাত করা হয় বলে অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ডা. করিম মহাজন (৪৭) ও বেলাল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাতে পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, উপজেলার মাতুভূঞা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. করিম মহাজন ও ইয়াকুবপুর ইউনিয়নের শরীফপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন দীর্ঘদিন যাবত এক কিশোরীকে একে অপরের অজান্তে ধর্ষণ করে আসছে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় দুইজনকেই পুলিশ আটক করেছে।

দাগনভূঞা পৌরসভার ৩নং ওয়ার্ডে ভাড়া থাকা এক কিশোরীকে ডা. করিম মহাজন বিভিন্ন প্রলোভনে ৩ বছর ধর্ষণ করে আসছে। অপরদিকে মেয়েটিকে বাসায় একা পেয়ে একই উপজেলার শরীফপুরের বেলাল হোসেনও ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরী গর্ভবতী হয়ে পড়লে ডা. করিম মহাজন কৌশলে গর্ভপাত ঘটান।

ঘটনা জানাজানি হলে বিষয়টি স্থানীয়ভাবে টাকা দিয়ে মীমাংসা করার চেষ্টা করে ধর্ষণকারীরা। পুলিশ বিষয়টির খবর পেয়ে রাতেই নিজ নিজ বাড়ি থেকে উভয়কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে ভিকটিমের মা জাহানারা বেগম বাদী হয়ে দুইজনকে আসামি করে থানায় মামলা করেন।

দাগনভূঞা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।