২৭ ডিসেম্বর, ২০২৪
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে উপজেলার পৌলি রেল সেতুর পশ্চিম পাশে গ্যাস লাইন সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর, বালুঘাটে থাকা খননযন্ত্র (ভেকু) ও ট্রাকের ব্যাটারি খুলে নেওয়া হয়। তিনি বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে এলেঙ্গা পৌর ভূমি কর্মকর্তা মো. কামরুজ্জামান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।