মেঘনায় বালু উত্তোলনকালে ড্রেজার-বাল্কহেডসহ আটক ২৮

২৮ ডিসেম্বর, ২০২৪

চাঁদপুরের মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার, বাল্কহেড ও স্পিডবোটসহ ২৮ জনকে আটক করেছে কোস্টগার্ড। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর কোস্টগার্ড স্টেশন চাঁদপুর মেঘনা নদীর কালিরচর সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার ও বাল্কহেড উচ্ছেদে অভিযান পরিচালনা করে। অভিযানে ছিলেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

অভিযানে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার, দুটি বাল্কহেড, দুটি স্পিডবোট ও একটি দেশীয় নৌকাসহ ২৮ জনকে আটক করা হয়।

পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করা মালামালসহ ২৮ জনকে বেলতলি নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।