শরীয়তপুরে ভ্রাম্যমাণ বইমেলায় পাঠকের ভিড়

২৮ ডিসেম্বর, ২০২৪

দ্বিতীয়বারের মতো শরীয়তপুর জেলায় আয়োজন করা হলো বইমেলার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে সোমবার (২২ ডিসেম্বর) থেকে শুরু হয় ভ্রাম্যমাণ এই বইমেলা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৮টা পর্যন্ত চলে এ বই মেলা। এদিকে বইমেলা ঘিরে শরীয়তপুর সদরে পাঠকদের মনে তৈরি হয়েছে আনন্দের সঞ্চার।

বিকেল হলেই বইপ্রেমীরা ভিড় করেন উপজেলার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। গত পাঁচদিন ধরেই বইমেলায় রয়েছে পাঠকের ভিড়।

সরেজমিনে শুক্রবার মেলা ঘুরে দেখা গেছে প্রতিটি স্টলেই ক্রেতাদের ভিড়। উল্টেপাল্টে দেখে বই কিনছেন পাঠকেরা। স্কুল-কলেজের শিক্ষার্থীরা আসছেন দল বেধে। আবার আগে থেকেই ঠিক করে রাখা বই খুঁজছেন পাঠকেরা। স্টলগুলোতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বাছাইকরা বই ছাড়াও অন্যান্য বইও রয়েছে। ক্রেতাদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যা বেশি দেখা গেছে।

এসময়ে সায়েদা রহমান নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, বাংলা একাডেমি বইমেলায় যাওয়ার সুযোগ হয় না। এবার নিজ এলাকাতেই বিশ্বসাহিত্য কেন্দ্রের বইমেলা হচ্ছে। বেশ কিছু বই কিনলাম। মেলাতে আসতেও ভালো লাগছে।

আল-আমিন নামে আরেক শিক্ষার্থী বলেন, বাচ্চাদের বইসহ ৫টি বই কিনেছি। বইমেলা ঘিরে যেন উৎসব। খুবই ভালো লাগছে। প্রতি বছরই এমন মেলার প্রত্যাশা করি।

বই মেলার ইউনিট ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, মেলায় বেশ সাড়া পাচ্ছি। ভালো বিক্রিও হচ্ছে। ২৫ থেকে ৩৫ শতাংশ ছাড়ে বই কিনতে পারছেন পাঠক।