৩০ ডিসেম্বর, ২০২৪
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা আপনাদের সর্বনাশ করবে, তাদের নামটা প্রকাশ করে দেন। সেই ব্যক্তি আমি হলে আমার নামটাও বলে দেবেন। সমাজের ভণ্ডদের পরিচয় করিয়ে দেয়া উচিত। কোনো সচেতন মুসলমান কোনো ধরনের দুষ্কর্ম করতে পারে না।
রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে দিনাজপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলার বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির বলেন, দুর্নীতি, চাঁদাবাজির রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। এই দেশটা আমাদের সবার। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই দেশকে ভালবাসবো। জামায়াত কোনোদিন ক্ষমতায় গেলে প্রথমে শিক্ষার দিকে নজর দেয়া হবে। শিক্ষা ও ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে দেশকে এগিয়ে নেব।
তিনি বলেন, আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজ থাকবে না। মানুষ যার যার সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করবে।
দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সহকারি সেত্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিশে শূরা'র সদস্য মো. আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন, সেক্রেটারি কামরুল হাসান রাসেল প্রমুখ বক্তব্য দেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি আগত বিশিষ্টজনদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সভায় প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও, হাবিপ্রবি, মেডিকেল কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অন্যান্য শিক্ষক, আলেম-ওলামা, দিনাজপুর চেম্বারসহ অন্যান্য ব্যবসায়ী ব্যক্তিবর্গ, আইনজীবী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।