৩০ ডিসেম্বর, ২০২৪
রাত পোহালেই মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। নতুন আঙ্গিকে বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। সব কিছু মিলিয়ে নতুন ধাঁচের এক বিপিএলের আশা এবং প্রত্যাশা ছিল সবার মাঝে। এবার বিপিএলের আগে আয়োজন করা হয়েছে এনসিএলের টি-টোয়েন্টি টুর্নামেন্টও। আগামীকাল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে খুলনার হয়ে আজ সংবাদ সম্মেলনে আসেন আফিফ হোসেন ধ্রুব। এ সময় কথা বলেন বিপিএলের পরিবর্তন ও জাতীয় দলে নিজের খেলা প্রসঙ্গে।
আফিফ বলেন, ‘প্রত্যেকটা বিপিএলই প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পার্সোনালি আমি সব সময় আমার জন্য গুরুত্বপূর্ণ। এখানে ভালো করতে পারলে সামনে অনেক অনেক জায়গায় সুযোগ আসে। শুধু ইন্টারন্যাশন্যালে না, অন্যান্য ফ্রাঞ্চাইজিতেও সুযোগ আসে। আশা থাকবে নিজের বেস্টটা যাতে দিতে পারি টিমের জন্য।’
বিপিএলে ভালো কিছু করার প্রত্যাশা দেখছেন টাইগার এই বাঁহাতি ব্যাটার। তিনি বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য তো সব সময় থাকে ভালো করা। আর প্রত্যেকটা বিপিএলে আমি কখনো লোয়ার অর্ডারে ব্যাটিং করি নাই। বিপিএলে টপ অর্ডারেই ব্যাটিং করেছি। আশা করি এবারও টপ অর্ডারে ব্যাটিং আর টিমের জন্য টুর্নামেন্ট শেষে যাতে ভালো অবস্থানে নিজেকে দেখতে পারি সেটা আশা করি।’
বাংলাদেশের ক্রিকেট দলকে এখনও কিছু দেওয়ার আছে বলে মনে করেন আফিফ। ‘ভালো করলে ওখানে অবশ্য আবারও... এমন না সময় শেষ হয়ে গেছে। আমার হাতে এখনো যথেষ্ট সময় আছে, অবশ্যই সেখানে ভালো করতে পারি, তাহলে সুযোগ থাকবে নিজের ক্যামব্যাক করার।’
বিপিএলে পরিবর্তন প্রসঙ্গে আফিফ বলেন, ‘মাঠের ক্রিকেটে বলতে গেলে, বিপিএলের আগে এনসিএল টি-টোয়েন্টি একটা টুর্নামেন্ট হয়েছে। এটা ভালো দিক, এর আগে যখন আমরা বিপিএল খেলেছি, কোনো টুর্নামেন্ট ছাড়া প্র্যাকটিসের মাধ্যমে আমরা প্রিপায়ার হয়েছি। প্র্যাকটিস আর ম্যাচ অনেক বড় একটা ডিফারেন্স। এনসিএল টি-টোয়েন্টিটা খেলে সবাই বিপিএল খেলবে, এটা একটা ভালো দিক। এটা বড় একটা পরিবর্তন। এ ছাড়া পরিবর্তন তো আপনারা তো দেখতেছেন। আমরা তো দেখছি একটি টুর্নামেন্ট। বিপিএলের আগে প্লেয়ারদের জন্য বড় পাওয়া।’