০১ জানুয়ারী, ২০২৫
ভাঙ্গায় একটি ট্রাককে পিছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে বাসের হেলপার ও ট্রাকের চালক নিহত হয়েছে। বুধবার(১ জানুয়ারি) ভোর পৌনে ৫ টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার ভোর পৌনে ৫ টার দিকে খুলনা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দিলে ট্রাকের চালক নুর আলম (২৬) ও যাত্রীবাহী বাসের হেলপার কাদের মিয়া (২৫) গুরুতর আহত হন। শিবচর হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহত ট্রাক চালক নুর আলম মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাচামারা গ্রামের আইয়ুব আলী মিয়ার ছেলে। অন্যদিকে নিহত বাসের হেলপার কাদের মিয়া ঝিনাইদহ জেলার সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মো. মফিজুল মালিতার ছেলে।
শিবচর হাইওয়ে থানার এসআই তমাল সরকার জানান, বুধবার ভোর সাড়ে চারটার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের পুলিয়া নামক স্থানে ঢাকামুখী পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দিলে ট্রাকের চালক ও যাত্রীবাহী বাসের হেলপার নিহত হয়। এসময় দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।