যশোরের বাঘারপাড়ায় দুই হিন্দুবাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতি

০৪ জানুয়ারী, ২০২৫

যশোরের বাঘারপাড়ায় দুই হিন্দুবাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতদল।

শনিবার ভোরে পুলিশ পরিচয় দিয়ে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রামের পশুপতি দেবনাথ (৭০) ও বিশ্বনাথ দেবনাথের(৫২) বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। বিশ্বনাথ দেবনাথের ঘর থেকে নগদ ৯০ হাজার টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার, একটি আইফোন ও একটি বাটন ফোন এবং পশুপতি দেবনাথের ঘর থেকে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়।

বাড়ির মালিক জানান, দুই ভাই পশুপতি দেবনাথ ও বিশ্বনাথ দেবনাথের ঘর পাশাপাশি। শনিবার ভোর সোয়া চারটার দিকে ছয়টি মোটরসাইকেলে করে ২৫ থেকে ৪০ বছর বয়সী ১২ থেকে ১৪ জন লোক তাদের বাড়িতে আসে। কয়েকজনের গায়ে ডিবি পুলিশের কোটির মতো দেখতে কোটি ছিল। অন্যদের গায়ে পুলিশের নেভি-ব্লু জ্যাকেটের মতো দেখতে জ্যাকেট ছিল।

তিনি আরোজানান, কোটি ও জ্যাকেটের পেছনে কিছু লেখা ছিল না। সবার পরনে সাধারণ প্যান্ট ছিল। একজনের কাছে একটি পিস্তল এবং ওয়্যারলেস সেট ছিল। তারা প্রথমে বিশ্বনাথ দেবনাথের ঘরের সামনে এসে লোকজনদের ডাকতে থাকেন এবং বলেন- ‘চট্টগ্রাম থেকে কিছু লোক অবৈধ অস্ত্র নিয়ে এই বাড়িতে রয়েছে। জানতে পেরে তারা থানা থেকে তল্লাশী করতে এসেছেন।’ দরজা খুলে দিলে তারা ঘর তল্লাশী করে চলে যাবেন। দরজা না খুললে তারা দরজা ভেঙ্গে ঘরে ঢুকবেন বলে জানান। 

একপর্যায়ে দরজা খুলে দিলে তারা ঘরের মধ্যে প্রবেশ করে এবং ঘরের মধ্যে পুলিশি কায়দায় বিভিন্ন কক্ষ তল্লাশী করতে থাকে। এসময় তাদের কয়েকজন পাশের পশুপতি দেবনাথের ঘরে প্রবেশ করে। ডাকাতদল একপর্যায়ে পশুপতি দেবনাথ এবং বিশ্বনাথ দেবনাথের ছেলে ব্রজেশ্বর দেবনাথকে (২৫) প্লাস্টিকের লক দিয়ে পিছন থেকে দুই হাত আটকে রাখে। তারা বাড়িতে থাকা বিশ্বনাথ দেবনাথ তার স্ত্রী ও মেয়েকে অন্য একটা কক্ষে নিয়ে বসিয়ে রাখে। তাদের নিকট ঘরের আলমারির চাবি নিয়ে নেয়। তারা দুটি বাড়ির সব কক্ষের আসবাবপত্র ওলটপালট করতে থাকে। প্রায় ৪৫ মিনিট ধরে ডাকাতি চলে। 

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবুল ইসলাম (সার্কেল ক) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।