০৭ জানুয়ারী, ২০২৫
একদিনের ব্যবধানে ফের মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর থেকে বয়ে আসা হিমশীতল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। আজ ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ছয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।
হিমেল হওয়ায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। বিশেষ করে রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত চরম দুর্ভোগে পড়েছেন দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ। পরিবার-পরিজন নিয়ে তারা কষ্টে দিনযাপন করছে। বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন মানুষ।
শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।
তেতুঁলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়ের কাছে হওয়ায় তীব্র শীত অনুভুত হচ্ছে তেঁতুলিয়ায়। আজ সকাল ছয়টায় সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। যা গতকাল সকাল ৯ টায় ১২.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে।