সীমান্ত হত্যা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ইবিতে বিক্ষোভ

০৮ জানুয়ারী, ২০২৫

ইবি প্রতিনিধি: সীমান্ত হত্যা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ফেলানী হত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়। শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারত যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন হয় না। ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে আধিপত্যবাদী মনোভাব নিয়ে চলে। ২০১১ সালে ভারতীয় বাহিনী ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিলো। সেদিন ভারত ফেলানীর লাশ ঝুলিয়ে রাখেনি, তারা বাংলাদেশের মানচিত্রকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিলো। ভারত এখনো সীমান্ত হত্যা বন্ধ করেনি। আমরা ফেলানী হত্যাসহ সকল সীমান্ত হত্যার বিচার চাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, স্বৈরাচার সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত আমাদের দেশে আধিপত্য বজায় রেখেছিলো। আমরা আর আগের অবস্থায় ফিরে যেতে চাই না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে কথা বলা ও পারস্পরিক ন্যায্যতার ভিত্তিতে। ভারত আমাদের সাথে যেমন সম্পর্ক রাখবে আমরাও সেভাবে তাদের সাথে সম্পর্ক রাখবো। এছাড়া তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের কাছে তদন্ত সাপেক্ষে সকল সীমান্ত হত্যার বিচারের দাবি জানান।