১১ জানুয়ারী, ২০২৫
শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ি উল্টে চালক মারা গেছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) মৃত্যুর বিষয়টি জানিয়েছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন।
সতেরো বছর বয়সী নিহত ওই চালকের নাম শান্ত মিয়া। সে পূর্ব ধানশাইল জামতলী এলাকার শেখ কামালের ছেলে।
এর আগে রাতে ঝিনাইগাতী–ধানশাইল সড়কের জামতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, শুক্রবার গভীর রাতে উপজেলার বাকাকুড়া এলাকা থেকে বালুভর্তি মাহিন্দ্র গাড়িটি নিয়ে কিশোর শান্ত ঝিনাইগাতী সদরে আসছিল। এ সময় রাস্তায় ঘন কুয়াশা থাকায় গাড়িটি চলন্ত অবস্থায় উল্টে পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এতে গাড়িচালক শান্ত ওই গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।