১৩ জানুয়ারী, ২০২৫
যশোর প্রতিনিধি: আদ্-দ্বীনের চক্ষু, ডায়াবেটিস ও দন্ত স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করলেন চাইল অ্যান্ড ডি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিবেশবাদী সংগঠক এবং মানবাধিকার কর্মী ফাতিহা আয়াত।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাধ বাজারে আদিল উদ্দিন ডিগ্রী কলেজ প্রাঙ্গনে আয়োজিত স্বাস্থ্য ক্যাম্পটিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাতিহা। বক্তব্যে বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের শহর কেন্দ্রীক নানা আয়োজনের প্রবণতা থাকলেও আদ্-দ্বীন এ ক্ষেত্রে ব্যতিক্রম। সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে আদ্-দ্বীনের স্বাস্থ্য সেবা পৌছে দেয়ার মানসিকতা সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি আরও বলেন, সুস্থতা মহান আল্লাহর বড় নিয়ামত। চোখ দিয়ে আমরা এই সুন্দর পৃথিবীর দেখতে পারি। চোখে ছানি রোগের চিকিৎসা সেবা প্রদান করে আদ্-দ্বীন মহৎ কাজ করছে।
স্বাস্থ্য ক্যাম্পে সভাপতিত্ব করেন উত্তম কুমার কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ফাতিহা আয়াতের বাবা ব্যারিস্টার আফতাব আহম্মেদ, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারি মোল্লা, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য নায়েব আলী মন্ডল। স্বাগত বক্তব্য প্রদান করেন আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের এজিএম মোঃ রবিউল হক।
স্বাস্থ্য ক্যাম্প থেকে স্থানীয় বিভিন্ন বয়সী নারী-পুরুষ চক্ষু, ডায়াবেটিস এবং দন্ত রোগের সেবা গ্রহণ করেন।
ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন ফাতিহা আয়াত। এরপর তিনি ভ্রাম্যমান চক্ষু অপারেশন থিয়েটার, সেবা কেন্দ্র ঘুরে দেখেন।
এর আগে হেলিকপ্টার যোগে যশোর থেকে লাঙ্গলবাধ বাজারে পৌছলে ফাতিহা আয়াতকে দেখতে হাজারও মানুষ ভিড় করেন।