যবিপ্রবি’র রিয়াদ হত্যা কান্ড; পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবি শিক্ষার্থীদের

১৫ জানুয়ারী, ২০২৫

যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৪ সালে ছাত্রলীগ কর্তৃক নির্মমভাবে খুন হাওয়া পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী নাইমুল ইসলাম রিয়াদ হত্যার বিচার ও পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
১৫ জানুয়ারি ২০২৫ বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দীর্ঘ ১০ বছর পেরিয়ে গেলেও রিয়াদের পরিবার এখনো পর্যন্ত সঠিক বিচার ও ক্ষতিপূরণ পায়নি বলে জানান তৎকালীন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা রিয়াদ হত্যার ন্যায় বিচার চাই। ১০ বছরেও যদি বিচার না হয়, তাহলে এই দীর্ঘসূত্রতা আমাদের ন্যায় বিচার ব্যবস্থার দুর্বলতার প্রমাণ। এছাড়া আমরা তার পরিবারের জন্য আর্থিক সহায়তার দাবি জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান বলেন, স্বৈরাচারী হাসিনার আমলে বাংলাদেশের কোনো খুনেরই বিচার হয়নি। ফ্যাসিস্ট সরকারের সময়ে প্রত্যেকটি ক্যাম্পাস ছাত্রলীগ দ্বারা অনিরাপদ ছিল, শিক্ষার্থীদের জিম্মি করে রাখা হতো। রিয়াদ ভাই অসাধারণ একজন মানুষ ছিলেন, তিনি সব সময় অন্যায় ও অবিচারের প্রতিবাদ করতেন। সিস্টেমের বিরুদ্ধে কথা  বলার কারণেই তিনি সবার কাছে জনপ্রিয় ছিলেন। সেই জনপ্রিয়তাকে হিংসা করে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নির্মমভাবে হত্যা করা হয়। দশ বছর পেরিয়ে গেছে, আমরা এখনও বিচার পাইনি। আমরা দ্রæত বিচার চাই এবং তার পরিবারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সহযোগিতার দাবি জানাচ্ছি।  

উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ জুলাই যবিপ্রবি’র প্রধান ফটকের সামনে রিয়াদকে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের কিছু  নেতা-কর্মী। কিন্তু এতদিন পরও হত্যাকারীরা ধরা ছোয়ার  বাইরে রয়ে গেছে, যা রিয়াদের পরিবার ও সহপাঠীদের মধ্যে হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।