২০ জানুয়ারী, ২০২৫
পশ্চিম ঘানায় সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে সাতজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার
রবিবার দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। শনিবার পশ্চিম আফ্রিকার দেশ আশান্তি অঞ্চলের ওবুসাই শহরে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
ঘানার একটি ক্ষুদ্র খনি শ্রমিক সমিতি জানিয়েছে, সেনারা অ্যাংলোগোল্ড আশান্তি (এইউ ডট এন) নামে একটি খনিতে নয়জন নিরস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে।
ঘানা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্মল স্কেল মাইনার্সের স্থানীয় চেয়ারম্যান কফি অ্যাডামস রয়টার্সকে জানিয়েছেন, ‘আশান্তি অঞ্চলের ওবুয়াসি সোনার খনির স্থানে এই ঘটনায় নয়জন নিহত এবং ১৪জন গুরুতর আহত হয়েছেন।’ তিনি বলেন, ‘তখন লোকজন সশস্ত্র ছিল না।’
অ্যাডামস বলেন, ‘এ ঘটনা নজিরবিহীন এবং কেন এটি ঘটেছে তা বোঝা কঠিন। অতীতে সাইটে অনুপ্রবেশকারীদের সতর্কীকরণ গুলি করে ভয় দেখানো হত।
অন্যদিকে সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ৬০ জন অবৈধ খনি শ্রমিক অ্যাংলোগোল্ড আশান্তি খনিতে প্রবেশ করে। শনিবার রাত ১১টার দিকে খনির নিরাপত্তা বেড়া ভেঙে তারা ভেতরে প্রবেশ করে এবং সেখানে মোতায়েন সামরিক টহল দলের ওপর গুলি চালায়, যার ফলে বন্দুকযুদ্ধ শুরু হয়।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, অবৈধ খনি শ্রমিকরা স্থানীয়ভাবে তৈরি রাইফেল, পাম্প-অ্যাকশন বন্দুক, গ্যাস সিলিন্ডার, ছুরি, কুড়াল এবং চাপাতি নিয়ে ছিল। তাতে বলা হয়েছে, ‘সেনারা আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়।
গুলিবিনিময়ের ফলে সাতজন অবৈধ খনি শ্রমিক নিহত এবং একজন গুরুতর আহত হয়। বাকি খনি শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়।’ গুলিবিদ্ধ আহত এক সেনাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তারা জানিয়েছেন।
ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মাহামা এ ঘটনার তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, ‘বেআইনিভাবে কাজ করার জন্য যে কোনো ব্যক্তিকে বিচারের আওতায় আনা হবে।’
প্রেসিডেন্টের বিবৃতিতে বলা হয়েছে, সরকার আহতদের চিকিৎসা ব্যয় এবং দাফনের খরচ বহন করার জন্য অ্যাংলোগোল্ড আশান্তিকে অনুরোধ করেছে।
মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে অ্যাংলোগোল্ড আশান্তির সঙ্গে যোগাযোগ করা যায়নি। জোহানেসবার্গ-তালিকাভুক্ত খনি কম্পানিটি দক্ষিণ ঘানার ইদুয়াপ্রিম এবং ওবুয়াসি খনির মালিক। গত বছর দুটি খনি ৪ লাখ ৯০ হাজার আউন্সেরও বেশি সোনা উৎপাদন করেছিল।