২৪ জানুয়ারী, ২০২৫
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে দুই অপহরণকারীকে। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকার গহিন পাহাড়ের চূড়া থেকে তাদের উদ্ধার করা হয়।
কক্সবাজার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, উদ্ধার হওয়াদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক এবং ১০ জন রোহিঙ্গা। আটককৃত দুজন সহোদর। তারা হলেন- বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া করাচি পাড়ার নুরুল কবিরের ছেলে মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)। এরা সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য। তারা প্রলোভন দেখিয়ে অপহৃতদের পাহাড়ের চ‚ড়ায় নিয়ে আটকে রাখে এবং তাদের স্বজনদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। অপহৃতদের ১৬-১৭ দিন ধরে আটক রাখা হয়েছিল।
পুলিশ সুপার আরও জানান, এই চক্র দীর্ঘদিন ধরে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের অপরাধ চালিয়ে আসছিল। আমরা তাদের বিরুদ্ধে টেকনাফের বিভিন্ন পাহাড়ে অপহরণ ও মানবপাচার প্রতিরোধে বিশেষ অভিযান চলছে। এ ধরনের অপরাধ নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে।
টেকনাফসহ জেলার বিভিন্ন পাহাড়ে অপহরণ ও মানবপাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বাংলাদেশি ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের কাজে জড়িত ছিল। পালিয়ে যাওয়া অপহরণকারীদের শনাক্তের চেষ্টা চলছে এবং গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।