২৬ জানুয়ারী, ২০২৫
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কথিত ভণ্ড পীর জুলফিকুর রহমান বিপ্লবের আস্তানায় অভিযান চালিয়েছে প্রশাসন। তবে অভিযান টের পেয়ে আগেই পালিয়ে যান ওই ভণ্ড পীর।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের দরবার শরীফে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন। এ সময় ওই আস্তানায় তল্লাশি চালানোসহ দরবার শরীফে থাকা পতাকাসহ বিভিন্ন সরঞ্জাম খুলে ফেলা হয়।
দরবার শরীফের আড়ালে ভক্ত-শিষ্যর আস্তানা গড়ে তুলে অপচিকিৎসার বিরুদ্ধে প্রশাসনের অভিযানে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে। তবে অভিযুক্ত কথিত ভণ্ড পীর জুলফিকুর রহমান বিপ্লবসহ তার দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উল্লেখ, কয়েক বছর ধরে কথিত পীর বিপ্লব তার নিজ বাড়িতে সাজানো-গোছানো আস্তানায় চিকিৎসার নামে চালাচ্ছেন রমরমা ব্যবসা। তার দালাল সিন্ডিকেট চক্রের অপপ্রচারের কারণে প্রতিদিনেই আস্তানায় চিকিৎসার জন্য এসে প্রতারণার শিকার হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সহজ-সরল নারী-পুরুষ।