২৭ জানুয়ারী, ২০২৫
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি “Knowledge Sharing on Shari’ah Banking: an Interactive Session” শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। ঢাকার ফারস হোটেলে শনিবার (২৫ জানুয়ারি) আয়োজিত এ সেশনে অংশগ্রহণ করেন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণ, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, আঞ্চলিক প্রধান, দেশের বিভিন্ন শাখার শাখা প্রধানগণ এবং ইসলামী ব্যাংকিং উইন্ডোর ইনচার্জগণ ও ইসলামিক ব্যাংকিং ডিভিশনের কর্মকর্তারা।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে সেশন উদ্বোধন করেন এবং উদ্বোধনী বক্তব্যে অংশগ্রহণকারীদের ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শরিয়াহ্ নীতিমালা ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেন এবং ব্যাংকের স্লোগান ‘দক্ষতাই আমাদের শক্তি’ এই ক্ষেত্রে বাস্তবায়নের আহ্বান জানান।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অব ইসলামী ব্যাংকিং মো. জাকির হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন, সিএফও ড. তাপস চন্দ্র পাল ও ডেপুটি চিফ অব ইসলামী ব্যাংকিং মোহাম্মদ মিজানুর রহমান সরকার কর্মশালায় উপস্থিত ছিলেন। ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিক সেশনটি পরিচালনা ও সমন্বয় করেন।
বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল সরকারসহ অন্যান্য বিশিষ্ট ইসলামী ব্যাংকিং বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শরিয়াহ্ ব্যাংকিংয়ের নীতি, কার্যক্রম, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা এবং শরিয়াহ্ গভর্ন্যান্স ইত্যাদি বিষয়ে অংশগ্রহণমুলক ইসলামিক ব্যাংকিং জ্ঞান বিনিময় করেন।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ, সিএসএএ সেশনের সমাপনি বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি শরিয়াহ্ পরিপালনের ওপর গুরুত্ব তুলে ধরেন এবং ব্যাংকের ‘তাক্বওয়া’ ইসলামী ব্যাংকিংয়ের সমৃদ্ধি ও সাফল্যের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।