বিকেলে ক্লাব-কর্মকর্তাদের সঙ্গে বিসিবির বৈঠক, যা থাকছে আলোচনায়

২৭ জানুয়ারী, ২০২৫

গত ২০ জানুয়ারি থেকে শুরুর কথা ছিল ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগের। কিন্তু বিসিবিতে কাউন্সিলর ও বোর্ড পরিচালকদের সংখ্যা কমিয়ে অর্ধেকের নিচে নামিয়ে আনার প্রতিবাদে সোচ্চার ঢাকার ক্লাবগুলো। বেশ কয়েকটি দল না খেলার সিদ্ধান্ত নিয়েছিল। তবে এই সমস্যা সমাধানের জন্য ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসছে বিসিবি।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ৭৬ ক্লাবের বৈঠক ডেকেছে বিসিবি এবং সেখানেই প্রথম বিভাগ লিগ খেলার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে। আগামী ৩১ জানুয়ারি অথবা ১ ফেব্রুয়ারি প্রথম বিভাগ লিগ শুরু করার চিন্তাভাবনা রয়েছে বিসিবির।

এর আগে গত শনিবারের বোর্ড সভায় গঠনতন্ত্র সংশোধন কমিটি পরিবর্তন ও পরিবর্ধনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে যে ৫ সদস্যের গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করা হয়েছিল, তা নতুন করে গঠন করা হবে।

নতুন কমিটিতেও থাকবেন নাজমুল আবেদীন ফাহিম। তবে বাকি যে ৪ সদস্য ছিলেন, তাতে পরিবর্তন আসবে। নতুন মুখ হিসেবে ঢাকার ক্লাব ক্রিকেটের প্রতিনিধি থাকবেন অন্তত ২ জন। তারা বসে গঠনতন্ত্র সংশোধন করবেন।

গঠনতন্ত্র সংশোধন কমিটি নতুনভাবে করা হবে এবং তাতে ঢাকার ক্লাব ক্রিকেট সংগঠকদের প্রতিনিধিত্ব থাকবে। এমন আশ্বাসের পর নড়েচড়ে বসেছে ক্লাবগুলো এবং আন্দোলন থামিয়ে প্রথম বিভাগ লিগ খেলার চিন্তাভাবনা চলছে।

জানা গেছে, বোর্ডের আশ্বাসের প্রেক্ষিতে ক্লাবগুলোর মনোভাব ও অবস্থান বদলাবে এবং তাই প্রথম বিভাগ লিগ খেলার সিদ্ধান্তে ফিরে যাওয়ার কথা ভাবছে দলগুলো।