নড়াইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

২৭ জানুয়ারী, ২০২৫

নড়াইলের কালিয়া উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক হাসিব মোল্লা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যার আগে উপজেলার কালিয়া-নড়াইল সড়কের আমতলা এলাকার ফুলদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিব মোল্লা উপজেলার মাধবপাশা গ্রামের সাব্বির মোল্যার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশেদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে হাসিব মোল্যা মোটরসাইকেলযোগে কালিয়া থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। কালিয়া-নড়াইল সড়কের আমতলা এলাকার ফুলদাহ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলচালক হাসিব মোল্লা ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী ট্রাক রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে তবে এর চালক ও সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।