বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও বুমরার ঝুলিতে

২৮ জানুয়ারী, ২০২৫

বোর্ডার-গাভাস্কার সিরিজে দুর্দান্ত বোলিংয়ে ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন জশপ্রীত বুমরা। তবে ভারতীয় এই বোলার যে শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেই দুর্দান্ত বোলিং করেছেন তা নয়, ২০২৪ সাল জুড়েই তিনি ছিলেন ফর্মের চূড়ায়। তাই তো লাল বলের ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও ওঠেছে তাঁর হাতেই।

২০২৪ সালে বুমরা টেস্টে নিয়েছেন ৭১ উইকেট। ভারতীয় এই পেসারের গড় ছিল ১৪.৯২। তাঁর চেয়ে কম বোলিং গড়ে ৭০ উইকেট নেই আর কারও।

টেস্ট ক্রিকেটে গত বছর সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বুমরাই। ১৩ ম্যাচ খেলেই তিনি নিয়েছেন ৭১ উইকেট। সবচেয়ে বেশি উইকেট নেয়া বোলারের তালিকায় দুইয়ে আছেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, তবে ইংলিশ এই পেসারের চেয়ে বুমরা ১৯ উইকেট বেশি নিয়েছেন।

এদিকে ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ওঠেছে আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের হাতে। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই ২৪ বছর বয়সী অলরাউন্ডার। 

২০২৪ সালে বল হাতে গতির ঝড়ের পাশাপাশি ওমরজাইর বহুমুখী ব্যাটিং আফগানিস্তানকে নতুন এক ধাঁপে নিয়ে গেছে। ২৪ বছর বয়সী টি-টোয়েয়ন্টি ফরম্যাটেও ছিলেন দুর্দান্ত। কিন্তু ওয়ানডেতেই ছাপ রেখেছেন বেশি। গত বছরে নিজ দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। বল হাতেও ছিলেন দ্বিতীয় সেরা। আফগানিস্তানের টানা চার ওয়ানডে সিরিজ জয়ে তিনিই ছিলেন কেন্দ্রীয় চরিত্র। এই সময়ে আফগানিস্তান আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হারানোর কৃতিত্ব দেখিয়েছে।