০২ ফেব্রুয়ারি, ২০২৫
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ২৪২ রানে জিতেছে অস্ট্রেলিয়া। যা টেস্টে ইনিংস ব্যবধানের দিক থেকে অজিদের চতুর্থ বড় জয়। তাদের সবচেয়ে বড় জয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
২০০২ সালে জোহানেসবার্গে ইনিংস ও ৩৬০ রানে জিতেছিল অজিরা। পরের দুই বড় জয় ১৯৪৬ (ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ৩৩২ রানে) এবং ১৯৫০ সালের (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ২৪২ রানে)।
অন্যদিকে শ্রীলঙ্কার জন্য আজকের হারটি লজ্জার রেকর্ড। কারণ টেস্টে ইনিংস ব্যবধানের দিক থেকে এটি তাদর সবচেয়ে বড় ব্যবধানে হার। এর আগে ২০১৭ সালে নাগপুরে তাদের ইনিংস ও ২৩৯ রানে হারিয়েছিল ভারত।
শনিবার গলে ৫ উইকেটে ১৩৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। এরপর প্রথম সেশনেই বাকি ৫ উইকেট হারিয়ে ২৪৭ রান পর্যন্ত তুলেত পারে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন জেফ্রি ভ্যান্ডারসে এবং দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুস।
এর আগে ৬ উইকেটে ৬৫৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান উসমান খাজা (২৩২)। এছাড়া সেঞ্চুরির স্বাদ পান ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথ (১৪১) ও জশ ইংলিস (১০২)। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৬৫ রান করে ফলোঅনে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয়বার ব্যাট করতে নেমেও তাদের পরিণতি ভালো হয়নি।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস): ৬৫৪/৬ ডি. (খাজা ২৩২, স্মিথ ১৪১, ইংলিস ১০২; জয়সুরিয়া ৩/১৯৩, ভ্যান্ডারসে ৩/১৮২)
শ্রীলঙ্কা (প্রথম ইনিংস): ১৬৫/১০ (চান্ডিমাল ৭২; কুনেমান ৫/৬৩, লায়ন ৩/৫৭)
শ্রীলঙ্কা (দ্বিতীয় ইনিংস): ২৪৭/১০ (ফলোঅন) (ভ্যান্ডারসে ৫৩; কুনেমান ৪/৮৬, লায়ন ৪/৭৮)
ফলাফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ২৪২ রানে জয়ী
ম্যাচ সেরা: উসমান খাজা (অস্ট্রেলিয়া)