হোগলা পাতার গোডাউনে আগুন, অল্পের জন্য বাঁচলেন মালিক

০২ ফেব্রুয়ারি, ২০২৫

নোয়াখালীর সদর উপজেলার ২০ নম্বর আন্ডারচর ইউনিয়নে আব্দুল মতিন বেপারি নামের এক ব্যবসায়ীর হোগলা পাতার গোডাউনে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গোডাউন ও হোগলা পাতা পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় গোডাউনের ভেতরের একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় থাকা ব্যবসায়ী আব্দুল মতিনকে উদ্ধার করা হয়।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত আব্দুল মতিন জানান, বেশ কয়েক বছর ধরে তিনি হোগলা পাতার ব্যবসা করে আসছেন। প্রতি বছর দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্থানে তার হোগলা পাতা ও পাতার তৈরি রশি পাইকারি বিক্রি করে আসছিলেন। প্রতিদিনের মতো রাতে নিজের গোডাউনটি বন্ধ করে ভেতরের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন।

রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত তার গোডাউনের মালামাল থাকার কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘরের দরজা ভেঙে ভেতর থেকে তাকে উদ্ধার করে।

তিনি অভিযোগ করে বলেন, সময় মতো স্থানীয় লোকজন তাকে উদ্ধার না করলে আগুনে পুড়ে তার মৃত্যু হতো। শত্রুতার জেরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।