০৫ ফেব্রুয়ারি, ২০২৫
নতুন বছরের শুরুতে বিসিবির নানা চ্যালেঞ্জের একটা, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ। বিসিবি ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করেনি। পরিবর্তন, পরিমার্জন হলেও গেল দুই বছর যেই সংখ্যাটা ছিল ২১। তবে এবার মোটে চারটা টেস্ট খেলবে টাইগাররা। সঙ্গে আছে ক্রিকেটারদের অফফর্ম। তাইতো খুব একটা বাড়ছে না সেই সংখ্যা।
বিসিবি বরাবরই ফরম্যাট বিবেচনা করে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে রাখে। গতবার এই চুক্তিতে ছিলেন ২১ ক্রিকেটার। এবারও সংখ্যাটা এর আশপাশেই থাকবে বলে ধারণা করা যাচ্ছে। তবে ক্রিকেটারদের ভিন্ন ভিন্ন ফরম্যাটে দায়িত্ব বাড়াতে বা কমাতে পারে বিসিবি।
২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তির বড় পরিবর্তন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার। বিসিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির জন্য যে খসড়া করেছেন নির্বাচকরা সেখানে নেই সাকিবের নাম। আনুষ্ঠানিকভাবে এখনও চলতি বছরের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেনি বিসিবি।
তবে সাকিব যে এই তালিকায় থাকছেন না, তা একপ্রকার নিশ্চিত! গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিসিবিতেও পরিবর্তন এসেছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সাকিব জাতীয় দলের বাইরে আছেন। নিরাপত্তাঝুঁকির কারণে তিনি দেশে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার বিদায়ী মিরপুর টেস্ট খেলতে পারেননি।
এমনকি এ মাসেই পাকিস্তান ও দুবাইয়ে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির দলেও রাখা হয়নি এই অলরাউন্ডারকে। জাতীয় দলের জার্সিতে সাকিবের খেলার সম্ভাবনা ক্ষীণ হওয়ায় স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ যাচ্ছেন তিনি
কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবার জায়গা পেতে চলেছেন নাহিদ রানা। জাতীয় দলের হয়ে ৬ টেস্ট ও ৩ ওয়ানডে খেলা পেসারকে শুধু লাল বলের ক্রিকেটের জন্য চুক্তিবদ্ধ করার সম্ভাবনা বেশি। এ ছাড়া গত বছর তিন সংস্করণের চুক্তিতে থাকলেও এবার এই তালিকা থেকে জায়গা হারাতে পারেন- লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল।।
এবার ৩ ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তির জন্য খসড়া তালিকায় রাখা হয়েছে ৫ ক্রিকেটারকে। যেখানে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের সাথে আছেন জাকের আলী অনিক। টেস্ট ও ওয়ানডের চুক্তিতে থাকছেন মুশফিকুর রহিম ও নাহিদ রানা। ওয়ানডে ও টি টোয়েন্টির চুক্তি পেতে যাচ্ছেন সৌম্য সরকার, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রাহমান, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।
শুধু টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পারেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম ও খালেদ আহমেদ। শুধু ওয়ানডের চুক্তিতে আছেন অন্য দুই ফরম্যাট থেকে অবসর নেওয়া মাহমুদুল্লাহ রিয়াদ। জাতীয় দলে সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটে খেললেও কেন্দ্রীয় চুক্তির টেস্ট ও টি টোয়েন্টি ক্যাটাগরিতে থাকছেন হাসান মাহমুদ। টি টোয়েন্টির চুক্তিতে থাকছেন শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন।