০৫ ফেব্রুয়ারি, ২০২৫
বইমেলা শুরু হবে, তাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের বই থাকবে না, তা কি হয়? প্রতিবারের মতো এবারও বইমেলায় থাকছে চবি শিক্ষার্থীদের বেশ কয়েকটি মৌলিক বই। কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস, অনুবাদ কিংবা একাডেমিক—কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই তারা। এমনই কয়েকজন তরুণ লেখকের বইয়ের কথা জানাচ্ছেন রেদওয়ান আহমদ।
বই: নজরুলনামা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী লেখিকা জেসমিন পমি কাজী নজরুল ইসলামকে নিয়ে প্রবন্ধগ্রন্থ রচনা করেছেন, যা একটি বিস্ময়কর সাহসিকতা। তার লেখা গ্রন্থটির নাম ‘নজরুলনামা’। বইটি প্রকাশ করেছে খড়িমাটি প্রকাশনী এবং প্রচ্ছদ করেছেন মনিরুল মনির। বইটির মুদ্রণমূল্য ২০০ টাকা। এটি পাওয়া যাবে ঢাকা বইমেলার ৪৫-৪৬ নম্বর স্টল এবং চট্টগ্রাম বইমেলার ৮৭-৮৮ নম্বর স্টলে।
বই: মানুষ মাত্রই শিবির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী কবি ফায়াজ শাহেদের তৃতীয় বই ‘মানুষ মাত্রই শিবির’ এবারের একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে। এই বইয়ে বর্তমান সময়ের বিপ্লব ও বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট ফুটে উঠেছে, এবং রয়েছে জামাআত-শিবিরের রাজনৈতিক কূটকৌশলও। বইটি প্রকাশ করছে ইনসাফ পাবলিকেশন এবং প্রচ্ছদ করেছেন আহমাদুল্লাহ ইকরাম। বইটির মুদ্রণমূল্য ৩৫০ টাকা। ফেব্রুয়ারির ১০ তারিখের পর থেকে এটি চট্টগ্রাম বইমেলার ২১-২২ নম্বর স্টলে পাওয়া যাবে।
বই: না পাইলাম খোদা, না পাইলাম তারে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র মজলিসের সভাপতি এবং তরুণ সাহিত্যিক সাকিব মাহমুদ রুমীর প্রথম কাব্যগ্রন্থ ‘না পাইলাম খোদা, না পাইলাম তারে’ এবারের একুশে বইমেলায় প্রকাশিত হবে। বইটি ‘অনুলেখা প্রকাশন’ থেকে প্রকাশিত হচ্ছে এবং প্রচ্ছদ করেছেন ফারহান শিব্বির। মুদ্রণমূল্য ২৪০ টাকা। এটি ঢাকা বইমেলার ৬৯৩-৬৯৪ এবং ৭৭৫ নম্বর স্টলে পাওয়া যাবে।
বই: বায়োলজি অভিধান
এবারের বইমেলায় পাওয়া যাবে একটি ব্যতিক্রমধর্মী একাডেমিক বই ‘বায়োলজি অভিধান’, যা লিখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মেধাবী শিক্ষার্থী জামাল নাসের। এতে প্রায় হাজারেরও বেশি শব্দার্থসহ রয়েছে আটশোর মতো বায়োলজি ধারণা এবং দেড় শতাধিক শব্দসংক্ষেপ। বইটি প্রকাশ করেছে অক্ষরবৃত্ত প্রকাশনী এবং প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। বইটির মুদ্রণমূল্য ২০০ টাকা। এটি ঢাকা বইমেলার ৪২৪-৪২৫ নম্বর স্টল, চট্টগ্রাম বইমেলার ২১-২২ নম্বর স্টল এবং খুলনা বইমেলার ৩২ নম্বর স্টলে পাওয়া যাবে।
বই: কথা ছিলো সুবিনয়
অমর একুশে বইমেলা ২০২৫-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কবি মিজবাহুল জান্নাত তারিনের প্রথম বই ‘কথা ছিলো সুবিনয়’ প্রকাশিত হচ্ছে। কবির মতে, তার কবিতাগুলো ঝরঝরে, সহজ ও সাবলীল, তবে অর্থে গভীর। বইটি প্রকাশ করেছে দূরবীন প্রকাশনী এবং পরিবেশক কিংবদন্তী পাবলিকেশন। মুদ্রণমূল্য ৩৩৩ টাকা। এটি ঢাকা বইমেলার ৭৫-৭৬-৭৭ নম্বর স্টল এবং চট্টগ্রাম বইমেলার ৩০-৩১ নম্বর স্টলে পাওয়া যাবে।
বই: অন্যদৃষ্টি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী কবি আলিম খানের প্রথম কাব্যগ্রন্থ 'অন্যদৃষ্টি' এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে। প্রেম, প্রকৃতি এবং জীবনের গভীরতার মধ্যে হারিয়ে যাওয়ার এক অনন্য দিক উন্মোচনকারী এই বই প্রকাশ করছে দাঁড়িকমা প্রকাশনী। এর মুদ্রণমূল্য ২০০ টাকা। বইটি ঢাকা বইমেলার ৩৬৫-৩৬৬ নম্বর স্টলে পাওয়া যাবে।
বই: রাজাদের রাজ্যে রাষ্ট্ররা
রাষ্ট্রের গুম, খুন, নির্যাতন, বিচারহীনতা এবং জুলাই গণ-অভ্যুত্থান—এই সব কিছুর সমন্বয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী, লেখক রিফু লিখেছেন গল্পগ্রন্থ ‘রাজাদের রাজ্যে রাষ্ট্ররা’। বইটি প্রকাশ করেছে আদী প্রকাশন এবং প্রচ্ছদ করেছেন তানভীর কবির। বইটির মুদ্রণমূল্য ৩৫০ টাকা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে এটি ঢাকা বইমেলার ৭২১-৭২২ নম্বর স্টলে পাওয়া যাবে।
বই: বেথেলহামের বুকের বারুদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী কবি মুহাম্মাদ রিয়াদ উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ ‘বেথলেহেমের বুকের বারুদ’ এবারের একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে। কাব্যগ্রন্থটিতে ফিলিস্তিন, প্রেম এবং ফ্যাসিবাদী সময়ের এক নান্দনিক বয়ান রয়েছে। বইটি প্রকাশ করছে বয়ান পাবলিকেশন্স এবং প্রচ্ছদ করেছেন ওয়ালিদ ইবন হোসাইন। মুদ্রণমূল্য ২৫০ টাকা। এটি ঢাকা বইমেলার ৪০ নম্বর স্টলে পাওয়া যাবে।
বই: দৃপ্ত জুলাইয়ের কবিতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী কবি আলাউদ্দিন আল বোখারীর কবিতার বই ‘দৃপ্ত জুলাইয়ের পথে’ জুলাই গণ-অভ্যুত্থান ও তার প্রেক্ষাপটকে কেন্দ্র করে রচিত হয়েছে। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী এবং প্রচ্ছদ করেছেন চারুপিন্টু। মুদ্রণমূল্য ১৫০ টাকা। এটি ঢাকা বইমেলার ৩৬৫-৩৬৬ নম্বর স্টলে পাওয়া যাবে।
বই: জল ভালোবাসি
কবি প্রত্যয় বাধন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তার প্রথম কবিতার বই ‘জল ভালোবাসি’। কবির জীবন সংগ্রাম এবং প্রকৃতির সাথে মানবমনের সুদৃঢ় সংযোগ, প্রেম, বিরহ, বিদ্রোহ—এই সবই তার এই বইয়ের উপজিব্য। বইটি প্রকাশ করেছে ছায়া প্রকাশন এবং প্রচ্ছদ করেছেন সজীব ওয়াসী। মুদ্রণমূল্য ২০০ টাকা। এটি ঢাকা বইমেলার ৭৫১-৭৫২ নম্বর স্টলে পাওয়া যাবে।
বই: বিষাদ রাতের ফুল
গাজী মো. তারেক হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী, এবারের বইমেলায় তার কাব্যগ্রন্থ ‘বিষাদ রাতের ফুল’ প্রকাশ করছেন। মূলত বিষাদ, বিরহ এবং একাকিত্ব—এই কাব্যগ্রন্থের মূল বিষয়। এটি প্রকাশ করছে ঘাসফুল প্রকাশনী এবং প্রচ্ছদ করেছেন শাহাদাত হোসেন। মুদ্রণমূল্য ১৯৫ টাকা। এটি ঢাকা বইমেলার ১৮০-১৮১ নম্বর স্টলে পাওয়া যাবে।
বই: ডোন্ট বিলিভ এভ্রিথিং ইউ থিংক
‘ডোন্ট বিলিভ এভ্রিথিং ইউ থিংক’ বইটি মূলত মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা লেখক জোসেফ এনগোয়েনের। কীভাবে চিন্তার ইতিবাচকতা ও নেতিবাচকতা আমাদের কাজ ও জীবনকে নিয়ন্ত্রণ করে, তা নিয়েই বইটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী, লেখক ও অনুবাদক ইফতেখার আবির এটি বাংলায় অনুবাদ করেছেন। বইটি প্রকাশ করেছে অক্ষরবৃত্ত প্রকাশনী এবং প্রচ্ছদ করেছেন পার্থ দিবস চৌধুরী। মুদ্রণমূল্য ২৬৭ টাকা। এটি ঢাকা বইমেলার ৪২৪-৪২৫ নম্বর স্টল, চট্টগ্রাম বইমেলার ২১-২২ নম্বর স্টল এবং অনুবাদ প্রকাশের স্টলে পাওয়া যাবে।
বই: মন, মগজ, মন্দির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী কবি অর্নব আইচের প্রথম কাব্যগ্রন্থ ‘মন, মগজ, মন্দির’ এবারের একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে। বইটি দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে এবং মুদ্রণমূল্য ২০০ টাকা। এটি ঢাকা বইমেলার ৩৬৫-৩৬৬ নম্বর স্টল এবং চট্টগ্রাম বইমেলার ৮-৯ নম্বর স্টলে পাওয়া যাবে।
বই: নৈঃশব্দ্য কারাগার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী কবি হিমেল চন্দ্র রায়ের প্রথম কবিতার বই ‘নৈঃশব্দ্য কারাগার’ এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে। বইটি প্রকাশ করেছে সমন্বয় পাবলিকেশন এবং প্রচ্ছদ করেছেন অপূর্ব দাশ। মুদ্রণমূল্য ২০০ টাকা। এটি ঢাকা বইমেলার ৭৮৩ নম্বর স্টল এবং চট্টগ্রাম বইমেলার ৭৪-৭৫, ৯২-৯৩, ১০৬ এবং ১৩০ নম্বর স্টলে পাওয়া যাবে।
বই: নীল নক্ষত্রের নিচে
লেখক এবং সুবক্তা আমিনুল হকের দ্বিতীয় উপন্যাস ‘নীল নক্ষত্রের নিচে’ এবারের একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে। আমিনুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী। বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ এবং প্রচ্ছদ করেছেন সাদিতউজ জামান। মুদ্রণমূল্য ৫০০ টাকা। এটি ঢাকা বইমেলার ২৩ নম্বর স্টলে পাওয়া যাবে।
বই: স্বার্থের বোঝাপড়া
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঐন্দ্রিলা দত্তের প্রথম কবিতার বই ‘স্বার্থের বোঝাপড়া’ এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে। কবির মতে, এই বইয়ের কবিতাগুলো অনুভব করার জন্য। প্রতিটি শব্দ যেন পাঠকের হৃদয়ের স্পর্শকাতর কোণগুলোতে আলো ছড়িয়ে দেয়, এবং নতুন ভাবনার সুর জাগিয়ে তোলে। এটি প্রকাশ করেছে মুদ্রণশিল্প প্রকাশনী এবং প্রচ্ছদ করেছেন সাদিতউজ জামান। বইটি চট্টগ্রাম বইমেলার ১৩১ নম্বর স্টলে পাওয়া যাবে।