যশোর কারাগারে আসামির মৃত্যু

০৬ ফেব্রুয়ারি, ২০২৫

যশোর কেন্দ্রীয় কারাগারে এনামুল হক (৫১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ছিলেন।

কারাগার সূত্র জানায়, এনামুল হক যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের মফজেল হকের ছেলে। যশোর কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় ২০২৪ সালের ২০ মে আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শরিফুল আলম বলেন, ‘বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এনামুল হক বুকে তীব্র ব্যথা অনুভব করেন। সাথে সাথে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ’

যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক সুমাইয়া বলেন, ‘হাসপাতালে আনার কিছু সময় পরই মারা যান এনামুল হক। তিনি ঠিক কী রোগে আক্রান্ত হয়েছিলেন তা পরীক্ষা-নিরীক্ষাও করা যায়নি।

তবে তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট ছিল। ’যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, মৃত্যুর পর এনামুল হকের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। ’