নাটোরে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু

০৬ ফেব্রুয়ারি, ২০২৫

নাটোরের সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে শারমিন বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কন্যা জিম (৮), মিম (৮) ও সিনহা খাতুন (৩)। মৃত শারমিন বেগম উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামের মুরাদ হোসেনের স্ত্রী।  

এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে বুধবার গভীর রাতে গ্যাস ট্যাবলেট সেবন করেন গৃহবধূ শারমিন খাতুন।

পরে তার দুই জমজ মেয়েসহ তিন কন্যাকে ঘুম থেকে জাগিয়ে কৃমিনাশক ট্যাবলেট বলে তাদেরকেও সেই ট্যাবলেট সেবন করান মা শারমিন বেগম। কিছুক্ষণ পর সবাই অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা।

কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে মায়ের মৃত্যু হয় এবং তিন কন্যা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।