দিনাজপুরে একজনের লাশ উদ্ধার

০৯ ফেব্রুয়ারি, ২০২৫

দিনাজপুরের বিরলে জাকির হোসেন নামের এক চানাচুর ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সন্ধ্যায় বিরল উপজেলার ধামইর ইউপির পিপল্লা গ্রামের ঢেরাপাটিয়া বাজারের তার নিজের চানাচুর ফ্যাক্টরির গুদামঘরের সামনে থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। 

মৃত জাকির হোসেন (৫০) দিনাজপুর সদর উপজেলার বালুয়াডাঙ্গা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। ঢেরাপাটিয়া বাজার এলাকায় তার কারখানা ও গুদামঘর আছে। তিনি কারখানায় চানাচুর তৈরি করে স্থানীয় বাজারে সরবরাহ করতেন। এর আগে দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় তার মুদি দোকান ছিল।
স্থানীয়রা জানায়, জাকির হোসেনের দুই বিয়ে। প্রথম স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। মাস দুয়েক আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। প্রথম স্ত্রীর গর্ভে এক কন্যা সন্তানের জন্ম হয়। সেই কন্যা সন্তান আলমা রাইসা প্রভা ঢাকার মোহাম্মদপুর এলাকায় থাকেন। 
তার স্বজন এনায়েত বলেন, মাগরিবের নামাজের পর তিনি ঢেরাপাটিয়া বাজারে জাকিরের গুদামঘরে যান। মুঠোফোনের আলো জ্বেলে তিনি জাকিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং বিরল পুলিশকে বিষয়টি অবহিত করেন।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর এর সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। নিহতের মরদেহ উপুড় হওয়া অবস্থায় আছে। গায়ে জ্যাকেট পরিহিত। মাথা ও গলা রক্তে ভেজানো ছিল। সিআইডির একটি বিশেষ প্রতিনিধিদল ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) লাশের সুরতহাল তৈরি করেছে। এরই মধ্যে ময়নাতদন্তের জন্য জাকির হোসেনের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।