ছত্তিশগড়ে মাওবাদীবিরোধী অভিযান, মৃত ৩৩

১০ ফেব্রুয়ারি, ২০২৫

ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অপারেশনে ৩১ মাওবাদী ও ২ জওয়ান নিহত হয়েছে। মহারাষ্ট্রের সীমানা থেকে ১৫ কিলোমিটার দূরে বিজাপুরের ইন্দ্রাবতী জাতীয় উদ্যানে রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরাপত্তা বাহিনীর এই বিশেষ অভিযান চলে। সেখানেই ১১ জন নারীসহ ৩১ জন মাওবাদীর মৃত্যু হয়।

এ ছাড়া যে দুজন নিরাপত্তা কর্মী মারা গেছেন, তাদের মধ্যে একজন ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ডের (ডিআরজি) হেড কনস্টেবল এবং অন্যজন বিশেষ টাস্ক ফোর্সের (এসিএফ) কনস্টেবল। এ ছাড়া দুইজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। 

এই অভিযানে অংশ নিয়েছিল ডিআরজি, এসটিএফ, বাস্তার ফাইটার্স এবং রাজ্যস্তরের পুলিশ ও মাওবাদীবিরোধী বিশেষ বাহিনী।

পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বিবেকানন্দ সিনহা জানিয়েছেন, এই জাতীয় উদ্যানে নিরাপত্তা বাহিনী আগে বেশি সক্রিয় ছিল না। আগে ভাবা হতো এখানে অপারেশন চালানো সম্ভব নয়। তা সত্ত্বেও তারা অপারেশন চালায়।

বাস্তার অঞ্চলের পুলিশের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, হেলিকপ্টারে করে আহতদের রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে। আহত জওয়ানরা ভালো আছেন।

ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, ২০২৫ সালে তাদের রাজ্যে ৬৫ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। ২০২৪ সালে মারা গিয়েছিল ২১৪ জন মাওবাদী। ২০২৩ সালে ২০ ও ২০২২ সালে ৩০ জন মাওবাদী মারা গিয়েছিল। গত মাসেই সংঘর্ষে মৃত্যু হয়েছে মাওবাদী শীর্ষনেতা চলপতির।

ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ও তার কাছে থাকা অবুঝমাড়ের জঙ্গল মাওবাদীদের নিরাপদ আশ্রয় বলে গণ্য করা হতো। এই দুই জায়গাতেই অভিযান চালিয়ে সাফল্য পেলো নিরাপত্তা বাহিনী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়ে। ডয়চে ভেলে