১০ ফেব্রুয়ারি, ২০২৫
জনগণ অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে। এই অদৃশ্য শক্তিকে দৃশ্যমান করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না তা দেখা প্রয়োজন। বিলম্ব না করে যৌক্তিক সময়ে নির্বাচন দিন, সবাই স্যালুট জানাবে।
তিনি বলেন, শেখ হাসিনা ষড়যন্ত্র করে কাপড় নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন তারা আগামীতে কাপড় পরে পালানোরও পথ পাবেন না।
বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্র পরিচালনায় সরকারের মধ্যে কোনো সমন্বয় নেই। প্রধান উপদেষ্টার কথার সঙ্গে তার সহকারীদের কথার মিল নেই। প্রধান উপদেষ্টার কথা উপদেষ্টামণ্ডলীর সবার কথা কি না সে ব্যাপারেও আমাদের সন্দেহ আছে।
ধানমন্ডির ৩২ নম্বর ভাঙার বিষয়ে গয়েশ্বর বলেন, ৬-৮ আগস্ট যদি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর করে পুকুর তৈরি করে মাছ চাষ করতো কেউ কিছু বলতো না। ছয় মাস পরে এই চেতনাবোধ আসল কেন? আমরা যদি ব্যাক ট্রেডিশন তৈরি করি, তাহলে আগামীদিন আপনার আমার বাড়ি ভাঙচুর হবে।
তিনি বলেন, বর্তমান সরকারকে পেছন থেকে কারা ইন্ধন দিচ্ছে তা দেশের মানুষ জানে। ইসলামের নামে কারা দখলবাজি করছে তা বিভিন্ন দপ্তরে গেলে জানা যাবে।