ঝিনাইদহে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১০ ফেব্রুয়ারি, ২০২৫

ঝিনাইদহের শৈলকুপায় পপি খাতুন (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার স্বামী। এদিকে ওই গৃহবধূকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে তার বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। রবিবার রাতে উপজেলার ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পপি খাতুন একই গ্রামের আব্দুল বাসেরের স্ত্রী ও পাশর্^বর্তী বালিয়াডাঙ্গা গ্রামের কানু মন্ডলের মেয়ে। জানা যায়, ঝাউদিয়া গ্রামের আবুল বাসেরের স্ত্রী পপি খাতুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পপির মরদেহ বাড়িতে আনার পর থেকেই পলাতক রয়েছেন তার স্বামী বাসের।

এদিকে পপিকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ তুলে বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে তার বাবার বাড়ির লোকজন। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে শৈলকুপা থানার পরিদর্শক(তদন্ত) মো: শহীদুল ইসলাম জানান, গৃহবধূর মৃত্যু রহস্যজনক হওয়ায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।