লেটসবি’র নতুন নেতৃত্বে মোহাম্মদ আলী, মাজেদুল

১৫ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ লেদার ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট’স সোসাইটির (লেটসবি) ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি হিসাবে মোহাম্মদ আলী (বাপ্পি) ও সাধারণ সম্পাদক হিসেবে মো. মাজেদুল হক (মাজেদ) নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির হলের মাঠে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ৫৬৪ জন ভোটার ছিল। এর মধ্যে ২৪৩ ভোট পেয়ে সভাপতি পদে মোহাম্মদ আলী (বাপ্পি) এবং ৩৪৮ ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মো. মাজেদুল হক (মাজেদ)।

নির্বাচনে মোট ২৩টি পদ ছিল, যার মধ্যে ১৫টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি আটটি পদের জন্য ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত সহ-সভাপতি দুইজন থাকায় মোট আটজন বিজয়ী হয়েছেন। এছাড়া একটি সদস্যপদ শূন্য থাকায় সেটি পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পূরণ করা হবে।

কমিটিতে নির্বাচিত বাকি সদস্যরা হলেন- সহ-সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলাম (রফিক), যুগ্ম সাধারণ সম্পাদক (লেদার টেক) মো. শাহ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক (লেদার প্রোডাক্ট) মো. মামুন অর রশিদ (মামুন), যুগ্ম সাধারণ সম্পাদক (ফুটওয়্যার) মো. ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. খালেদ ইবনে মোশারফ (মিঠু), কোষাধ্যক্ষ মোহাম্মাদ মাহবুবুর রহমান, সহ-কোষাধ্যক্ষ মো. শামিম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামনুর, দপ্তর সম্পাদক তামান্না ই সারাহ (পুনম), সহ-দপ্তর সম্পাদক মো. ইয়াছরিব শারিক, ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান (শিশির), সহ-ক্রীড়া সম্পাদক আল আমিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাশাদ মাহমুদ ময়ূখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মাহফুজার রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাজ্জাকুল হায়দার।

এছাড়া কার্যকরী সদস্য (মহিলা) পদে নির্বাচিত হয়েছেন জিনাত আমান জিনিয়া, ইকবাল হোসেন সুমন, মো. গোলজার রহমান ও মো. হোসাইন আল মামুন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার মো. তকদির আহমেদের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. বজলুর রশীদ, এইচ. এ. এম. ফেরদৌস-উন-নবী, মো. আরিফুর রহমান ও মো. নুরে আলম। নির্বাচন পরবর্তী আপিল কমিটির সভাপতি ছিলেন মো. ইয়ার হোসেন এবং সদস্য হিসেবে ছিলেন মেজর (অব.) মির্জা মো. আনোয়ারুল কবির ও মোহাম্মদ জহিরুল ইসলাম।