১৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আঞ্চলিক কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতি হার ছিল ৮৬.৪৬ শতাংশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরীক্ষার দায়িত্বে থাকা প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. গোলাম মর্তুজা।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সবকিছু শেষ করতে পেরেছি আমরা।
তিনি আরও জানান, আজকের পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১৬,৩৩৪ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১৪,১২৪ জন এবং অনুপস্থিত ২,২১২ জন।
এর আগে, আঞ্চলিক কেন্দ্র হিসেবে এদিন সকাল ১১টায় শুরু হয় বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা, যা শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।
সরেজমিনে দেখা গেছে, রাজশাহীর আশপাশের জেলা থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের আশপাশে ভিড় জমিয়েছেন। পরীক্ষার্থীরা জানান, বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ায় সময় ও ভ্রমণ খরচ কমেছে। কেন্দ্রে পরিবেশ ও ব্যবস্থাপনা যথাযথ ছিল। তবে অনেকেই দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ও থাকা-খাওয়ার কিছু অসুবিধার কথা উল্লেখ করেছেন।
পরীক্ষার্থী মৃদুল হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবার আবেগের জায়গা। কিছুটা নার্ভাস হলেও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিয়েছি। প্রশ্নে কোনরকম কোন ভুল ছিল না। প্রশ্ন কিছুটা কঠিন ছিল, তবে সাধ্যমতো চেষ্টা করেছি। আশা করি ভালো কিছুই হবে।
অভিভাবক শামসুল আলম বলেন, সন্তান আজ তার পরিশ্রমের ফল দেখতে এসেছে। ঢাবিতে পড়ার সুযোগ পেলে তার জীবনে বড় পরিবর্তন আসবে। যদি চান্স না পায়, তবুও আমি তার পাশে আছি এবং থাকব।
নিরাপত্তা বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, অত্যন্ত সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সম্পন্ন হয়েছে। কোনো প্রকার অনিয়মের রিপোর্ট আমাদের কাছে আসেনি। প্রশ্নপত্র ফাঁস কাউকে বহিষ্কার করা কিংবা কোন শৃঙ্খলা ভঙ্গ এমন কিছু ঘটেনি।
উল্লেখ্য, ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।