গাইবান্ধায় জামায়াতের মিছিল-সমাবেশ

১৮ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মৃত্যুদণ্ড মাফ করে অবিলম্বে মুক্তি ও দলের নিবন্ধনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা আমির আব্দুল করিম সরকার। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার। সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, পলাশবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি নুরুন্নবী প্রধান, শহর আমির অধ্যাপক একেএম ফেরদৌস আলম, সদর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আমির অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জু প্রমুখ।

বক্তারা বলেন, দেশ থেকে স্বৈরাচার বিদায় হলেও তাদের দোসরদের কারণে দীর্ঘদিন থেকে মিথ্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মুক্তি হয়নি। তারা বিক্ষুব্ধ হয়ে বলেন, 'দেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হলেও অনেক নেতাকর্মীর মুক্তি হলেও এখনও এই নেতার মুক্তি না হওয়ায় আমরা বিস্ময় প্রকাশ করছি।' বক্তারা তার অবিলম্বে মুক্তির জন্যে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান।