সিরাজগঞ্জে ১০১ কেজি গাঁজাসহ আটক ২

১৮ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জে ১০১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় র‌্যাব-১২ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। 

আটককৃতরা হলো, যশোরের কোতয়ালী উপজেলার হুদোরাজাপুর গ্রামের মৃত তাজের মন্ডলের ছেলে রাশেদুল ইসলাম (৪১), জগমোহনপুর গ্রামের হাসান আলীর ছেলে শাহ আলম (২৭)।

আজ মঙ্গলবার সকালে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে একটি কাভার্ডভ্যান তল্লাশী করে ১০১ কেজি গাঁজাসহ রাশেদুল ইসলাম ও শাহ আলমকে আটক করা হয়। একই সাথে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় মামলা করা হয়েছে।