১৯ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সৈয়দা জাকেরিন বখত নাসির। তিনি মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডিএসই'র এই পদে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তার নিয়োগ অনুমোদন দেয়।
৩২ বছরেরও বেশি সময় ধরে মানবসম্পদ নিয়ে কাজ করা জাকেরিন বখত নাসির আমেরিকান এক্সপ্রেস ব্যাংক লিমিটেড এবং সিমেন্স বাংলাদেশ লিমিটেডে হিউম্যান রিসোর্সেস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মানবসম্পদ কার্যাবলির সব দিকের উপর তার গভীর দক্ষতা রয়েছে।
বর্তমানে তিনি জেড এন কনসালট্যান্টসের প্রধান পরামর্শক ও সিইও হিসেবে কাজ করছেন, যেখানে তিনি সাংগঠনিক রূপান্তর এবং প্রতিভা ব্যবস্থাপনা সহ বিভিন্ন মানবসম্পদ সমাধান প্রদান করেন।
জাকেরিন বখত নাসির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও ব্যাংকিংয়ে বিকম (অনার্স) এবং ফিন্যান্সে এমকম ডিগ্রি অর্জন করেছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ফাইন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য।