জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানকে বড় লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

১৯ ফেব্রুয়ারি, ২০২৫

মাত্র পাঁচদিন আগেই পাকিস্তানকে নিজেদের সামর্থ্য দেখিয়েছিল নিউজিল্যান্ড। আরেক প্রতিযোগী দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজটিতে অপরাজেয় থেকেই কিউইরা চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনালে পরাজিত পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই আজ (বুধবার) তারা চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ খেলতে নেমেছিল। স্বাগতিক পেসারদের নাকানিচুবানি খাইয়ে সেঞ্চুরি করেছেন দুই কিউই ব্যাটার উইল ইয়াং ও টম ল্যাথাম। যাতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ৩২০ রান।

করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে আজ পাকিস্তান দীর্ঘ ২৮ বছর আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে না পারার আক্ষেপ ঘুচিয়েছে। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। শুরুর দিকে তার সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে থাকেন বোলাররা। ৭৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড।

পরে জোড়া সেঞ্চুরিতে সেই বিপর্যয় দারুণভাবে সামলেছেন ল্যাথাম-ইয়াং। শেষ পেরেকটা ঠুকেছেন গ্লেন ফিলিপস। তার ঝোড়ো ব্যাটিংয়ে কিউইরা শেষ ১০ ওভারে ১১৩ রান তোলে। ১১৩ বলে ১২টি চার ও এক ছক্কায় ইয়াং ১০৭, ১০৪ বলে ১০টি চার ও ৩ ছক্কায় ল্যাথাম ১১৮ এবং ফিলিপস ৩৯ বলে ৩ চার ও ৪টি ছক্কায় ৬১ রানের ক্যামিও ইনিংস খেলেছেন।