বাসে ডাকাতি-শ্লীলতাহানির ঘটনায় দায়িত্বে অবহেলার এএসআই বরখাস্ত

২২ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকা-টাঙ্গাইল মহসড়কে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মির্জাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার এইচ.এম মাহবুব রেজওয়ান এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার দিন এএসআই আতিকুজ্জামান ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন। জানা যায়, ১৮ ফেব্রুয়ারি ভোর রাতে ভূক্তভোগী কয়েকজন বাসযাত্রী মির্জাপুর থানায় এসে চলন্ত বাসে ডাকাতির বিষয়ে ডিউটি অফিসারকে অবহিত করেন। ভুক্তভোগীদের অভিযোগ আমলে না নেওয়ায় কয়েক মিনিটি পর তারা থানা ত্যাগ করেন। এছাড়া ডিউটি অফিসার তাদের নাম ঠিকানা বা মোবাইল নাম্বারসহ কোনো তথ্যই রাখেননি। যে কারণে মামলা নিতে বিলম্ব হয়। এরপর ঘটনার তিনদিন পরে এক ভূক্তভোগী বাসযাত্রীর মামলা নিতে হয়েছে। পরে এ ঘটনায় শুক্রবার টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এএসআই আতিকুজ্জামানকে রাতেই মির্জাপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেন।

এরপর শনিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তের ব্যাপারে এএসআই আতিকুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেনি।

এ বিষয়ে মির্জাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার এইচ.এম মাহবুব রেজওয়ান বলেন, শনিবার আতিকুজ্জামানের সাময়িক বরখাস্তের বিষয়টি জানতে পেরেছি।