২২ ফেব্রুয়ারি, ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সাহায্যের জন্য হেল্প ডেস্ক স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। আহবায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে ছাত্রদলের এই হেল্প ডেস্ক বসানো হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) নিজস্ব পদ্ধতিতে 'এ' ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল দশটায় এ পরীক্ষা শুরু হয়।
এসময় এ হেল্প ডেস্ক থেকে পরিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য পানি, কলম, ফাইল, স্কেল, অভিভাবকদের বসার স্থান,পরীক্ষার্থীর আসন খুঁজে দেয়াসহ নানাভাবে সাহায্য করে সংগঠনটির নেতা-কর্মীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "আজকে আমাদের ২টি হেল্পবুথ বসেছে। আমরা অতীতেও এরকম স্বেচ্ছাসেবক কাজে অংশগ্রহণ করেছি বর্তমানেও করছি। আমরা যানজট নিরসন, শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি, বসার জন্য স্থান এবং যাবতীয় সহায়তা করার চেষ্টা করছি।"
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, অত্যন্ত সুন্দরভাবে আজকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অসংখ্য ধন্যবাদ। আমার নেতাকর্মীদেরকেও ধন্যবাদ সুশৃঙ্খলভাবে সকলকে সহায়তা করার জন্য। আশা করি, আজকের মত পরবর্তী পরীক্ষাতেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীর পাশে থাকবে। অতীতে আমাদের শিক্ষার্থীবান্ধব এই সংগঠন শিক্ষার্থীদের জন্য কাজ করার তেমন সুযোগ না পেলেও এখন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।