ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

২৫ ফেব্রুয়ারি, ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ছকিনা বেগম (৮০) নামে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ফায়ারসার্ভিস এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ছকিনা বেগম গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার ধাপেরহাট গোবিন্দপুর এলাকার মৃত আব্দুল শেখের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত ইজিবাইকে ৭ থেকে ৮ জন নারী যাত্রী ছিল। উপজেলার রহিম শাহ ভান্ডারি মাজার পরিদর্শন করে তারা রাতে ইজিবাইকে করে বাড়ি ফিরে যাচ্ছিলেন। ইজিবাইকটি মহাসড়ক ধরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশন অতিক্রম করে কিছু দূর যাওয়ার পর অজ্ঞাতনামা এক ট্রাক পিছন থেকে সেটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং সকলে আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, চিকিৎসাধীন অবস্থায় রাতে ছকিনা বেগম নামে এক যাত্রী মারা যান। আহত বাকি আরও ৬ জন নারীকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।