অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে কেরানীগঞ্জে অভিযান

২৭ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকার কেরানীগঞ্জে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধসহ উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় মদিনা ব্রিকস নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অভিযান।

এ সময় অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় মদিনা ব্রিকস নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়ম-নীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল।

কেরানীগঞ্জ এলাকায় অবৈধভাবে আরও অনেক ইটভাটা কার্যক্রম চালাচ্ছে। সেখানেও অভিযান চালানো হবে। আমাদের অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।