চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বিনামূল্যে ইফতার পাবেন দর্শক

২৮ ফেব্রুয়ারি, ২০২৫

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের টিকিট ইতোমধ্যেই নিশ্চিত করেছে দুই দল। ভারত ও নিউজিল্যান্ড খেলবে শেষ চারে। বাকি দুই দল এখনো নির্ধারিত হয়নি। এদিকে পাকিস্তানে গিয়ে খেলতে ভারত আপত্তি জানানোয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে। রোহিত শর্মারা নিজেদের ম্যাচ খেলছেন সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপ পর্বের এক ম্যাচ ও সেমিফাইনাল সহ দুইটি ম্যাচ এখনো অনুষ্ঠিত হবে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে ভারত যদি ফাইনালে খেলে তাহলে আরও তিন ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইতেই। এদিকে আর একদিন পরই শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়নস ট্রফির সবগুলো ম্যাচ দিবা-রাত্রির। তাই দর্শকরা খেলা দেখতে এসে ইফতার কিভাবে করবেন তা নিয়ে দুশ্চিন্তা ছিল।

তবে এমন সময়ে দারুণ এক উদ্যোগ নিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। রমজানের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির দুই থেকে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে দুবাইতে। এই ম্যাচগুলোতে দর্শকরা যেন নির্বিঘ্নে খেলা দেখতে পারেন সেজন্য বিনামূল্যে ইফতার বিতরণ করবে আরব আমিরাত ক্রিকেট বোর্ড।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসিবি জানিয়েছে, ‘রমজানের সত্যিকারের চেতনাকে সমুন্নত রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে, চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে। যা শুরু হবে ২ মার্চ রবিবার এ গ্রুপে নিউজিল্যান্ড–ভারত ম্যাচ দিয়ে। পবিত্র রমজান মাসে এটাই হবে প্রথম ম্যাচ। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগে ইফতারি বক্স সরবরাহ করা হবে।’