০১ মার্চ, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে আনিলা খাতুন সাথী (১৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ছোট মহেশপুর এলাকায়। স্থানীয়রা জানায়, আজ শনিবার সকাল ১০টার দিকে আনিলা খাতুন সাথী শাশুড়ির ঘরে বসে ছিলেন। এ সময় শাশুড়ি তকলিমা বেগমের সাথে সাথীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাথীকে দেশীয় অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে শাশুড়ি।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।