গাজীপুরে অটোরিকশা চালককে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ

০৪ মার্চ, ২০২৫

গাজীপুরের নতুন বাজার এলাকায় দ্রুত গতির তাকওয়া পরিবহনের একটি মিনি বাসের চাপায় অটোরিকশা চালক লিটন মিয়া (৩৫) হাত ও পায়ের রগ কেটে হত্যার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ৪ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। নিহতের স্ত্রী সুরমিন বেগম এবং প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ হত্যার এ অভিযোগ করেন।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন নিহতের স্বজনরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী।

তাদের অভিযোগ, ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে তাকওয়া পরিবহনের একটি বাস থেকে রিটন মিয়া নামে এক অটোরিকশা চালককে ফেলে দিয়ে হত্যা করা হয়।

বিক্ষোভকারীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও মহাসড়কে নিরাপদে যান চলাচলের দাবি জানান। ৪ ঘণ্টার অবরোধে মহাসড়কের দুদিকের অন্তত ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী বলেন, ‘অবরোধকারীদের নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’

স্থানীয়রা জানান, সোমবার রাতে তাকওয়া পরিবহনের একটি বাসের হেলপারের সঙ্গে বাড়তি ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয় রিটন মিয়া নামের এক অটোরিকশা চালকের। কথা কাটাকাটির সময় হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে মারা যান তিনি। 

এ ঘটনায় অটোচালকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। নিহত অটোরিকশা চালক রিটন মিয়া গাজীপুর সদরের শিরির চালা গ্রামের দুলাল মিয়ার ছেলে।