দক্ষিণ কোরিয়ার বন্দরে বিমানবাহী মার্কিন রণতরী

০৪ মার্চ, ২০২৫

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস ভিনসন রোববার দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে ভিড়েছে। শক্তি প্রদর্শনের অংশ হিসেবে রণতরীটি দক্ষিণাঞ্চলীয় বন্দরে নোঙর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। খবর রয়টার্সের।

নৌবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে ওয়াশিংটন ও সিউলের সামরিক জোটের প্রস্তুতি এবং প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই রণতরী আনা হয়েছে।

পারমাণবিক শক্তিচালিত এই নৌযান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ১-এর অন্তর্গত। এর সঙ্গে যুক্ত হয়েছে লক্ষ্যবস্তুতে আঘাত হানা ক্রুজার ক্ষেপণাস্ত্র ইউএসএস প্রিন্সটন এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউএসএস স্টেরেট। 

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন গত মাসে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ তত্ত্বাবধান করেন। 

ডোনাল্ড ট্রাম দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম কোনো মার্কিন রণতরী ভিড়লো দক্ষিণ কোরিয়ার বন্দরে।